এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান বাস স্টেশনের দুই মোড় আগেই আজ ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পেছনে তিনটি বড় কারণ পরিলক্ষিত হয়েছে —
দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনটির ধারণক্ষমতা ছিল প্রায় পাঁচ টন। কিন্তু গাড়িতে তার চেয়ে বেশি পণ্য বহন করা হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় গাড়ির ধারণক্ষমতার চেয়ে অন্তত এক টন কম বোঝাই করাই নিরাপদ। অতিরিক্ত ওজন গাড়ির ভারসাম্য নষ্ট করে বিপদের আশঙ্কা বাড়ায়।
সমতল এলাকার ফিটনেস ও পাহাড়ি ফিটনেসের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সমতলে যেসব গাড়ি ভালো চলে, সেগুলো পাহাড়ি রাস্তায় এসে যান্ত্রিক ত্রুটি প্রদর্শন করতে পারে। তাই পাহাড়ি সড়কে ওঠার আগে গাড়ির যন্ত্রাংশ, বিশেষ করে ব্রেক, টায়ার ও ইঞ্জিন সঠিকভাবে পরীক্ষা করা অত্যন্ত জরুরি।
চালক সমতলের অভিজ্ঞ ড্রাইভার হলেও পাহাড়ি পথে ড্রাইভিং পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। পাহাড়ে গাড়ি চালানোর সময় ইঞ্জিন ব্রেকের সঠিক ব্যবহার জানতে হয় এবং ভারী গিয়ারে ধীরে ও সতর্কভাবে নেমে আসা উচিত। জানা গেছে, দুর্ঘটনায় চালক ব্রেক চাপলেও তা কাজ করেনি, ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে এবং আহতদের বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।