“শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৮:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ৩১৮ Time View

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর):
মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের পাচ্চর সোনারতরী প্লাজার পাশে এ আয়োজন করেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরী।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পাচ্চরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনারতরী প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, এবং প্রধান বক্তা ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু।
সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী শাওন চৌধুরী বলেন,
“যুবদল হলো গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। এটি শুধু বিএনপির অঙ্গসংগঠন নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে। যেভাবে শহীদ জিয়া দেশের স্বাধীনতা এনেছিলেন, সেভাবেই তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরিয়ে আনব গণতন্ত্র ও জনগণের অধিকার।”
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন,
“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল অগ্রভাগের সৈনিক হিসেবে ভূমিকা রাখবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি দেশপ্রেমিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক যুবসমাজ গড়ে তোলাই যুবদল প্রতিষ্ঠার মূল লক্ষ্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা নিতে হবে।”
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে। জাতীয় উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলই হবে অগ্রণী শক্তি।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু, সদস্য আজমল হুদা চৌধুরী ইথু, উপজেলা তাতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মুন্সি, মাদবরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর হাওলাদার, চরজানাজাত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাজাহান মিনা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ফরাজি, জাসাস নেতা হানিফ মাদবর, যুবদল নেতা রিপন মাতুব্বর, রুবেল চৌধুরী, মো. কাওসার মাদবর, রাসেল মাদবর, ইলিয়াছ মাদবরসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

















