প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
- Update Time : ১২:০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৪১ Time View

বিদ্যুৎ খাতে গ্রাহক হয়রানি ও বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও সদস্য সচিব অধ্যাপক মোজাহার আলী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও সারাদেশে বাসাবাড়ি, অফিস-আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। বিষয়টি জনগণের প্রত্যাশা ও স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক বলে তারা উল্লেখ করেন।
চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ বিভাগ চুরি ও অপচয় রোধের যুক্তি দেখালেও বাস্তবে এর ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ কিনতে হচ্ছে এবং ব্যালেন্স শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যা বিদ্যুৎ আইন–২০১৮–এর ৫৬ ধারার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে।
নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রিপেইড মিটার ব্যবস্থায় গ্রাহকদের মাসিক মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এছাড়া মিটার রিচার্জ, সার্ভার সমস্যাসহ নানা কারণে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে অভিযোগ করা হয়, বিগত সরকারের আমলে প্রিপেইড মিটার প্রকল্প ঘিরে একটি ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে ওঠে এবং এতে বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। বর্তমানে এ প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকায় সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
এ অবস্থায় রংপুর মহানগর নাগরিক কমিটি বিতর্কিত প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম স্থগিত রেখে বিষয়টি পুনর্বিবেচনা এবং বিদ্যুৎ গ্রাহকদের মতামত গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

















