শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত
- Update Time : ০৩:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২৪৫ Time View

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐকতা গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচি
শরীয়তপুর প্রতিনিধি:
আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে শরীয়তপুরে র্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন শরীয়তপুর ও দুর্নীতি দমন কমিশন (সাজেকা) মাদারীপুরের আয়োজনে দিবসটি পালন করা হয়। সহযোগিতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শরীয়তপুর।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এবং সমাজের উন্নয়নকে ধীর করে দেয়। তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষা, সৎ পথের প্রতি অটল প্রতিশ্রুতি ও সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারে।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ, সততা চর্চা, সেবা গ্রহণে স্বচ্ছতা ও যুবসমাজের দায়িত্ব নিয়ে নানা মতামত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।















