বরেন্দ্রের ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকে তলব
- Update Time : ০৯:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

বরেন্দ্রের ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকে তলব
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর ৯ জন নির্বাহী প্রকৌশলীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে গত ৩ আগস্ট বিএমডিএর নির্বাহী পরিচালককে দুদক চিঠি দিয়েছে।
যে ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদক তলব করেছে, তারা হলেন- নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলি।
বিএমডিএর নির্বাহী পরিচালককে দেয়া দুদকের চিঠিতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং তাঁর আত্মীয়স্বজনদের বিরুদ্ধে বিএমডিএর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট এই ৯ কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন।
এদের মধ্যে নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার ও এটিএম রফিকুল ইসলামকে আগামী ১২ আগস্ট ডাকা হয়েছে। আর বাকিদের ডাকা হয়েছে পরদিন ১৩ আগস্ট।
বিএমডিএ সূত্রে জানা গেছে, এই কর্মকর্তাদের সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও তার ব্যক্তিগত সহকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের কাজ দিয়ে কমিশন নেয়া হতো।
এ জন্য সানজিদা খানম মলিসহ তিনজন আগে সহকারী প্রকৌশলী থাকলেও আওয়ামী শাসনামলের শেষের দিকে তাদের চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলী করা হয়। দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিষয়টি নিয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলিকে ফোন করা হলে ধরেননি। নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করে দাবি করেন, সাবেক কৃষিমন্ত্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।



















