আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
- Update Time : ০১:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ৩ Time View

আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের সাথে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আজ ১১ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের মিনি কনফারেন্স রুমে সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের সাথে সামাজিক সংগঠন ‘হোপ-ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহী’-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ফাউন্ডেশনের প্রতিনিধিগণ সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাজশাহী মহানগরী গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফাউন্ডেশনের প্রতিনিধিগণ জানান, হোপ-ব্রিজ ফাউন্ডেশনের প্রায় ২২ হাজার সদস্য রয়েছেন। সদস্যদের নিয়মিত চাঁদা ও ব্যক্তি পর্যায়ের সহযোগিতার মাধ্যমে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া বিভিন্ন মেলার আয়োজনের পাশাপাশি মাত্র ৫ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহের মাধ্যমে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে সংগঠনটি।
পুলিশ কমিশনার মহোদয় ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি একটি সুন্দর, নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত মহানগরী গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরএমপির পক্ষ থেকে ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে রোপণের জন্য আমড়া, কামরাঙ্গা ও আমলকীর চারা প্রদান করে।
পুলিশ কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএম এবং হোপ-ব্রিজ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. নওশিয়া অরিন, সহ-সভাপতি জনাব সাদিয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য জনাব নাফিয়া তাবাসসুম, জনাব জান্নাতুন তাজরী, জনাব সানিয়া শেখ, জনাব শামসুন্নাহার তন্নী, জনাব জাকিয়া ফারিন ও জনাব মুসকান ইরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।






















